কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে পূর্ণ শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)তে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ২৪ দিন ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে দুই অনুষদ, প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ ভবনসমূহে তালা ঝুলিয়ে দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের আশঙ্কা, চলমান একাডেমিক স্থবিরতা সেশনজটে পরিণত হতে পারে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচারার নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘কম্বাইন্ড’ বা ‘ডভিএম’ ডিগ্রিধারীদের নাম উল্লেখ থাকলেও অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের বাদ দেওয়া হচ্ছে। অথচ, পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন ও জেনেটিকস এ সকল বিষয় অ্যানিম্যাল হাজবেন্ড্রির কোর সাবজেক্ট।

তারা আরও বলেন, ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী ভেটেরিনারি শিক্ষার সংজ্ঞায় "উৎপাদন সংশ্লিষ্ট বিষয়" অন্তর্ভুক্ত করায় অ্যানিম্যাল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি সংকুচিত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি ডিভিএম ও অ্যানিম্যাল হাজবেন্ড্রিকে একত্রে কম্বাইন্ড ডিগ্রি প্রদান করে কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কম্বাইন্ড ডিগ্রি বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমরা ছাত্রদের মতামত নিয়েছি। অনলাইনে করা জরিপে পশুপালন অনুষদের ৯২% এবং ভেটেরিনারি অনুষদের ৮০% শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। এখন আমরা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।