১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যায় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু’র সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে জানান ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী শেখ তানভীর বারি হামিম।
কম্পিউটার বিষয়ক এই প্রশিক্ষণে বেসিক কম্পিউটারের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম শেখানো হবে। প্রশিক্ষণের আওতায় এমএস অফিস, ক্লাস প্রেজেন্টেশন ও তথ্য প্রযুক্তির যুগে এআই'র ব্যবহার সম্পর্কে বিস্তারিত দক্ষতা বৃদ্ধিতে নজর দেয়া হবে। এসব প্রশিক্ষণ একজন শিক্ষার্থীর জন্য তার ক্লাসে অনেক গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারি হামিম তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি জসীম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। এছাড়াও তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকসুর ইতিহাসে ছাত্রদল এবার নিজেদের শক্তি প্রদর্শনে তরুণ ও সক্রিয় নেতৃত্বকে সামনে এনেছে। প্যানেলের এই শীর্ষ তিন প্রার্থীকে ঘিরে ক্যাম্পাসে আগে থেকেই আলোচনা থাকায় তাদেরকে ডাকসুর শীর্ষ তিন পদে মনোনীত করেছে সংগঠনটি। একইসঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা।
এছাড়াও, গণতন্ত্র, বহু মত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে।
সামগ্রিক প্রেক্ষাপটে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্রসংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশীশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ, শিক্ষার্থীবান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে।