রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে বেলাল হোসেনের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক স্ত্রী চাঁদনী বেগম (২৮), নিহতের শ্বশুর সুলতান মাহমুদ (৪৮) ও শ্বশুড়ি ছবিরন (৪৫)।
রাজশাহী তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বলা হয়, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র বেলাল হোসেনের সঙ্গে ১২ বছর পূর্বে একই গ্রামের সুলতান হোসেনের কন্যা চাঁদনী বেগমের বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এমতাবস্থায় তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত দুই বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কারণে এখনো আদালতে একটি খোরপোষের মামলা চলমান রয়েছে।
এরমধ্যে বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে ঘরসংসার করা অবস্থায় দ্বিতীয় স্ত্রীর আরও একটি কন্যা সন্তান রয়েছে। নিহত বেলাল মাঝে মধ্যেই তার অঅগের সংসারের সন্তানদের সাথে দেখা করতে সাবেক স্ত্রীর বাড়িতে যেতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে নিহত বেলাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে তারা তার মৃত্যুর খবর পান। মৃত ভিকটিমের মাথায়, হাতে ও পিঠে মারপিট ও কাটা জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘নিহত বেলাল হোসেনের সাবেক স্ত্রীর বাড়ি থেকে গলায় উড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে পাঁচজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাবেক স্ত্রী, সাবেক শ্বশুর ও সাবেক শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।