লোহাগাড়ায় ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- লোহাগাড়া সদর ইউনিয়ন  ৭নং ওয়ার্ডের হোসেন আলী মাতব্বর বাড়ির হাজী আবুল হোসেনের পুত্র মো: নাজিম উদ্দিন (৪৫), একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সুখছড়ি এলাকার হাছি মিয়ার পুত্র মোঃ রমিজ উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার শহীদ উল্লাহর পুত্র তাজুল ইসলাম (৩৯)।

লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম জানান, গোপন সূত্রে খবর পাই যে, লোহাগাড়া থেকে কক্সবাজারে মাদক পাচার হতে যাচ্ছে। সেই অনুযায়ী চুনতি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, সেনাবাহিনী তিনজন আসামিকে মাদকসহ আমাদের হেফাজতে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।