গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নমিতা রাণী (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নমিতা রাণী দুর্ঘটনাকবলিত লেগুনার সামনের আসনের (চালকের পাশে) যাত্রী ছিলেন। তিনি ওই লেগুনাচালকের স্ত্রী। এতে লেগুনার চালকসহ আরও ১২ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলের শ্রমিক। নিহত নমিতা রানীও একই মিলের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. বাবুল মিয়া বলেন, একটি লেগুনা উপজেলার বরমী বাজার থেকে শ্রমিকদের নিয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট মিলের দিকে রওনা হয়। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী পৌঁছামাত্র লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ ১৩ জন শ্রমিক হতাহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লেগুনার সামনের সিটে বসা নারী শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। লেগুনার সামনের সিটে বসা এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যতদূর নিশ্চিত হয়েছি, নিহত নারী শ্রমিক তার স্বামীর লেগুনার সামনের সিটে বসে নিয়মিত যাতায়াত করতেন। এ ঘটনায় লেগুনা চালকসহ কমপক্ষে ১২ শ্রমিক আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।