ভারতের পার্লামেন্টের নিরাপত্তা ভেদ করে ঢোকার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রেল ভবনের দিক থেকে গাছে উঠে দেওয়াল টপকে নতুন পার্লামেন্ট ভবনের গরুড়া গেট পর্যন্ত পৌঁছে যান। সেখানে নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত আটক করেন। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন মাত্র একদিন আগে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগেও ভারতের পার্লামেন্ট প্রাঙ্গণে অনধিকার প্রবেশের নজির রয়েছে। গত বছর ২০ বছর বয়সী এক যুবক পার্লামেন্টের দেওয়াল টপকে অ্যানেক্স ভবনের ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শর্টস ও টি-শার্ট পরিহিত সেই যুবককে নিরাপত্তা কর্মীদের হাতে আটক হতে দেখা যায়। তবে তদন্তে তার কাছ থেকে কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
দেশটির পার্লামেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০০১ সালে এখানেই ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছিল। আর সেই ঘটনার ২২তম বর্ষপূর্তিতে, দুই বছর আগে লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভেতরে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। তারা হলুদ গ্যাস ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
সাম্প্রতিক এই ঘটনা নতুন করে পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালীকরণ ও নজরদারির প্রশ্ন সামনে নিয়ে এসেছে।