ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে ফাজিলপুর মুন্সিবাড়ি ব্রিজের নিকট সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মুন্সিবাড়ি-ফাজিলপুর ফিডার সড়কের ব্রিজ এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময় যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। মরদেহের সুরতহাল প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।