ডাকসুর প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জনের আপিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ত্রুটিপূর্ণ তথ্যের কারণে ৪৭ প্রার্থীর বাতিল মনোনয়ন স্থগিত করেছিলো ডাকসু নির্বাচন কমিশন। এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আপিল করেছেন। 

শনিবার (২৩  আগস্ট) বিকেলে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন। তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৪ জন আপিল করেছেন।

আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি।

তিনি আরও বলেন, আচরণবিধি নিয়ে করা নির্দেশনার কথা আবারও তুলে ধরে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, এখনও লঙ্ঘনের কোনো অভিযোগ জমা পড়েনি। ২৫ তারিখের ভেতরে যে টাইমলাইন আছে, হ্যাঁ দুপুর একটার ভেতরে যে কেউ নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। আমরা একটা নিরাপদ পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে নির্বাচনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। 

আর ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন, ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন, আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দিবো যে, এই জায়গাতে আমাকে বাধা দেয়া হচ্ছে।

এদিন দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগাণ্ডার কারণে মব তৈরির শঙ্কার কথা জানান।

এদিকে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ। তবে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেয়ায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়‌কে বাদ দিয়েছে ছাত্রশিবির।
 
এদিন নির্বাচনে প্রার্থিতা স্থগিতের বিরুদ্ধে শেষ হলো আপিল। দুই দিনে জমা পড়েছে অন্তত ৩৪টি আবেদন। রোববার (২৫ আগস্ট) যাচাই বাছাই শেষে পরদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ ও এজিএস পদে ২৮ প্রার্থী বৈধ হয়েছেন। ভোট হবে ৯ সেপ্টেম্বর।

ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫

নির্বাচন: ৯ সেপ্টেম্বর: মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ: ১৯ আগস্ট; মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ: ২০ আগস্ট; মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ আগস্ট; মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৪ আগস্ট দুপুর ১২টা; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্ট বিকেল ৪টা; ডাকসুর পদ: ২৮টি (৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়); হল সংসদ নির্বাচন: ১৮টি হলের জন্য মনোনয়ন বিক্রি ১৪২৭টি।

ডাকসু নির্বাচনে লড়বে ৮ প্যানেল 

ছাত্রদলের প্যানেল/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’; ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’; বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ /(পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’/ (পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা); ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এবং সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪ পরিষদ’।