বোরহানউদ্দিনে এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে পৌর বাজারের থানা সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সভাপতিত্ব করেন সমাজসেবক মো. আলী বিশ্বাস।

বক্তারা বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান বোরহানউদ্দিনে যোগদানের পর থেকেই ভূমি সেবায় শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রেখেছেন। তিনি 'প্রতি বৃহস্পতিবার জনগণের কাছে এসিল্যান্ডের জবাব' নামের এক অভিনব উদ্যোগ চালু করে সরাসরি জনগণের সেবা নিশ্চিত করেন। এছাড়া পরিবেশ রক্ষায় ‘ধরিত্রী রক্ষা কর্নার’ স্থাপন, অবৈধ দখল উচ্ছেদ, ড্রেজার ও অতিরিক্ত টোল আদায় বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন।

তিনি চলতি বছরের ৫ আগস্ট থেকে পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করে আসছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।

বক্তারা আরও বলেন, যখন একজন কর্মকর্তা জনগণের জন্য কাজ করেন, তখন তাকে বদলি না করে বরং তার হাতের কাজগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। 

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক মাওলানা মো. মাকসুদুর রহমান, সমাজসেবক জহিরুল ইসলাম, সাংবাদিক শিমুল চৌধুরী, শিক্ষক জাকির হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ব্যবসায়ী দিলীপ চন্দ্র ও মো. হানিফ, ছাত্রনেতা মহিন বিন সাইফুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, বদলি আদেশ প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল (২১ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে মো. মেহেদী হাসানকে গৌরনদী, বরিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়। তিনি ২০২৪ সালের ৭ জুলাই বোরহানউদ্দিনে একই পদে যোগ দেন।