‘মানুষ এতো পাশবিক কী করে হয়’, ফটিকছড়িতে কিশোর হত্যার ঘটনায় তমা মির্জা

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে পিটিয়ে মারধরের ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এই নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। শনিবার (২৩ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মানুষ এতো পাশবিক কী করে হয়? এভাবে পিটিয়ে মেরে ফেললো?’

শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। তার পরিবারের দাবি, রিহান তার দুই বন্ধুর সঙ্গে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। এ সময় তাদের চোর সন্দেহে ধরে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত তার দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তমা মির্জা। ছবি: সংগৃহীত

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।

তমা মির্জার সেই স্ট্যাটাসে নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভিডিওটা দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, ভাবতেই গা শিউরে উঠছে।’

কেউ আবার, নায়িকাকে ‘নতুন বাংলাদেশ’ বলে কটাক্ষ করেছেন। তবে অধিকাংশই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।