রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে মন্ডলপাড়ার শতাধিক মানুষ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার স্টেশনরোড সংলগ্ন মন্ডলপাড়া মহল্লার প্রায় ২০টি পরিবারের শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন একটি চলাচলযোগ্য সড়কের অভাবে। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়।

স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা এলেই রাস্তায় সৃষ্টি হয় বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে হাঁটুপানি। মাসের পর মাস জলাবদ্ধতা আর পিচ্ছিল কাদায় চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটি এতটাই কর্দমাক্ত থাকে যে, কোনো যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাই দায় হয়ে ওঠে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ ও গর্ভবতী নারীরা পড়েন সবচেয়ে বেশি বিপাকে। অনেক সময় রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই ঘটে দুর্ঘটনা।

পাড়ার পশ্চিম অংশে রয়েছে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি। যদিও মালিকেরা চলাচলের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন, কিন্তু উত্তর ও পূর্ব পাশে রেলওয়ের জমি থাকায় তা উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পক্ষ থেকে রেলের সঙ্গে সমন্বয় না হওয়ায় বছরের পর বছর আটকে রয়েছে রাস্তাটির উন্নয়নকাজ।

মন্ডলপাড়ার বাসিন্দা কেনেডি মন্ডল, কনক হাওলাদার, খোকন মহন্ত, তোয়াবুর হোসেন ও হালিম মন্ডল জানান, আমরা ছোটবেলা থেকে এই রাস্তাটিকে খারাপ অবস্থায় দেখে আসছি। এখন সেটা আরও খারাপ হয়েছে। কতবার জানিয়েছি, কেউ গুরুত্ব দেয়নি।

পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মারুফ আহসান বলেন, প্রকল্পটি ইতিপূর্বে একাধিকবার উর্ধ্বতন দপ্তরে পাঠানো হলেও এখনো অনুমোদন মেলেনি। বর্তমানে বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি শুরু করা হবে।