৪৯ রানে অলআউট হওয়ার পর অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে ধরাশায়ী জ্যোতিরা

উইম্যান্স চ্যালেঞ্জ কাপের ম্যাচে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী লাল দল। আগে ব্যাট করে মাত্র ৪৯ রানে অলআউট হয় লাল দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অনূর্ধ্ব-১৫ বালকেরা। এর আগেও এই বালকদের কাছে ৮৭ রানের হারেছিল নিগার সুলতানা জ্যোতির দল।  

রোববার (২৪ আগস্ট) বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভার ৪ বলে ৪৯ রানে গুটিয়ে যায় নারী লাল দল। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। অমিত কুমারের বলে শারমিন বোল্ড হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন লাল দলের ব্যাটাররা।

নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। অনূর্ধ্ব-১৫ বালকদের পক্ষে সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব নেন ৩টি করে উইকেট।

৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করে ম্যাচের নিজেদের নিয়ন্ত্রণ নেন বালক দলের দুই ওপেনার ইরফান এবং ওম। ১৬ রানে ওম ফেরার পর শূন্য রানে সাজঘরে ফেরেন ফাহিম। তবে আলিফকে সঙ্গে নিয়ে বাকি পথ হেসেখেলে পাড়ি দেন ইরফান। আলিফ ২ ও ইরফান ২৯ রানে অপরাজিত ছিলেন। ২২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বালকেরা।