চাক্তাই ঘুরে টিসিবির তেল গেল ফটিকছড়িতে, ব্যবসায়ী আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারের একটি দোকান থেকে টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মোহাম্মদ ইকবাল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে কামাল স্টোর দোকানের মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আটক ব্যবসায়ী ইকবালের বরাতে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী জানান, চাক্তাই থেকে এসব তেল সরবরাহ করা হয়েছে। এসব তেল টিসিবির কোনো ডিলার থেকে নেওয়া হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সকাল ৭টায় গিয়ে নানুপুর বাজারের ভেতর একটি গুদামে টিসিবির সয়াবিন তেল থাকার বিষয়টি নিশ্চিত হই। মেসার্স কামাল স্টোরের মালিক দুই ভাই। তাদের মধ্যে একজন মোহাম্মদ ইকবাল হাজির হলে গুদামের তালা ভেঙে ১০২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী জানান, এসব তেল টিসিবির গ্রাহকদের কাছে বিক্রির জন্য। খোলা বাজারে এগুলো বিক্রি নিষিদ্ধ। প্রাথমিকভাবে মোহাম্মদ ইকবাল স্বীকার করেছেন, চাক্তাই এলাকা থেকে তারা এসব তেল সংগ্রহ করেছেন। সেখানকার একজন নাজিরহাটের এক ব্যবসায়ীকে দেয়। তার কাছ থেকে তারা এসব তেল পেয়েছে। জব্দ করা তেল এবং আটক মোহাম্মদ ইকবালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।