কিছু দিন আগে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক চুক্তি করেছিল বসুন্ধরা কিংস। তবে শেষ পর্যন্ত আসেননি তিনি। এবার কিংসের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ। একটি বিশ্বস্ত সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন।
৬৮ বছর বয়সী গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সাফল্যের ঝুলিতে আছে ২০১৫ সালে মালয়েশিয়ার জোহর দারুল তাজিমকে এএফসি কাপ জেতানো। একই মৌসুমে দলটিকে সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জেতান তিনি।
গোমেজের আসল পরিচিতি এসেছে ইউরোপের বড় ক্লাবগুলোতে কোচিং করানোর সময়। ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাজ করেছেন তিনি। সেই সময় তার হাতে গড়ে উঠেছে রোনালদো নাজারিও-হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তি ফুটবলার।
খেলোয়াড়ী জীবনে মারিও গোমেজ ছিলেন একজন শক্তিশালী ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে তিনি ১৯৮২ ও ১৯৮৪ সালে দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন।
বসুন্ধরা কিংস এবারই প্রথমবারের মতো কোনো লাতিন কোচের হাতে দলটির দায়িত্ব দিলো। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিংসকে সাফল্যের শিখরে নিয়ে যান স্পেনের অস্কার ব্রুজোন। গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা দায়িত্বে ছিলেন। তবে এক মৌসুম পরেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কোচ।