ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস চার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- ময়মনসিংহ নগরের পাটগুদাম কাশবন এলাকার নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ এবং প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক আছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নগরের পাটগুদাম এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ইব্রাহিম খলিল। এ সময় মোবাইল-টাকা কেড়ে নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় খলিলের ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পাঁচ আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের পরিদর্শক।
এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত সাদ্দাম ও পাভেলকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে বলে জানান তিনি।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. রেজাউল করিম দুলাল এবং আসামিপক্ষে ছিলেন মো. আকরাম হোসেন।