ইন্দোনেশিয়ায় এমপিদের বেতন-ভাতা কমানোর দাবিতে শত শত শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষোভকারীরা কেন্দ্রীয় জাকার্তায় পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পাথর এবং আতশবাজি ছুঁড়ে মারে। বিক্ষোভকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
যোগকার্তা প্রদেশের শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়া সংগঠনগুলোর মধ্যে একটি 'গেজায়ান মেমাঙ্গগিল' এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, তারা পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা দিয়ে মিছিল করে এমপিদের বেতন কমানোর দাবি জানিয়েছেন।
চলতি মাসে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এমপিদের ১০০ মিলিয়ন রুপিয়াহ আরও বেশি বেতন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আবাসন ভাতাও ছিল।
'গেজায়ান মেমাঙ্গগিল'-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সরকারের অভ্যন্তরে দুর্নীতিগ্রস্ত অভিজাত এবং বিভিন্ন কোম্পানি ও সামরিক বাহিনীকে সুবিধা প্রদানকারী নীতিমালার বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন। এটি স্পষ্টতই প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অধীনে বেসামরিক জীবনে সেনাবাহিনীর ক্রমবর্ধমান প্রভাবের প্রতি ইঙ্গিত দেয়, যিনি একজন প্রাক্তন জেনারেল ছিলেন।
জাকার্তা গ্লোব সংবাদপত্র পুলিশপ্রধানের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভ থেকে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা নৈরাজ্যবাদী গোষ্ঠীর সদস্য বলে অভিযোগ রয়েছে। শত শত বিক্ষোভকারী সংসদীয় কমপ্লেক্সের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করার পর আটক শুরু হয়।