ভারতে কারাভোগের পর ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুই বাহিনীর পতাকা বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. এমদাদ হোসেন (২৭), ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২৯), নওগাঁ জেলার আবু জাফরের ছেলে মো. রাফি (২৫) ও চাঁদপুর জেলার কদরা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে আবুল বাশার (৫৫)।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, হস্তান্তর হওয়া ৫ জনের মধ্যে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে ভারতীয় পুলিশ। ভারতের অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের আটকের পর তারা ৩ মাস ওই দেশের কারাগারে ছিলেন। মুক্তির পর ১৬ আগস্ট পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদেরকে ওই দেশের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

তাছাড়া আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ১ মাস যাবত ভারতীয় কারাগারে বন্দি ছিলেন।

সবশেষ সোমবার বিকেলে বিজিবির কাছে তাদের হস্তান্তরের করা হয়। পরে বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, বিজিবির মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করে দেখছি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।