চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা দুই শিশুর গলার ছুরি ধরে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আযম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই প্রবাসীর নাম মো. হেলাল উদ্দিন। তিনি কুয়েতে থাকেন। ডাকাতির সময় বাড়িতে তার মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, বোনের স্বামীসহ সাত সদস্য ছিলেন।
হেলাল উদ্দিনের মা রিজিয়া বেগম বলেন, রাত সাড়ে ৩টার দিকে দরজার ধাক্কা দেওয়ার শব্দে আমার ঘুম ভাঙে। কে ধাক্কা দিচ্ছে জানতেই চাইলে দরজা ভেঙে ঢুকে পড়ে ৮ থেকে ১০ জন ডাকাত। তাদের হাতে ধারালো অস্ত্র ও মুখে মুখোশ ছিল। ঘরে ঢুকে ডাকাতের আমার এক মাস বয়সী নাতনি ও দুই বছর বয়সী নাতির গলায় ছুরি ধরে। এ সময় ছোট ছেলে এবং মেয়ের স্বামীকে হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে তারা। পরে আলমারি খুলে সাড়ে ৬ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় তারা।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় ডাকাতির একটি চক্র তৈরি হয়েছে। এমন ঘটনা রোধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।