বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৫’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে উন্মোচন করেছে অনার। অত্যাধুনিক প্রযুক্তি ও স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ডিভাইসটির আনফোল্ড অবস্থায় পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় ফোনটি সহজেই বহনযোগ্য।
শুধু পাতলাতেই নয়, টেকসইত্বের দিক থেকেও অনন্য এই ফোনটি। ১০৪ কেজি ওজন বহন করে ‘ভাঁজযোগ্য স্মার্টফোনের টেকসইত্বের জন্য’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ম্যাজিক ভি৫।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক জমকালো আয়োজনে ডিভাইসটির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, গ্রামীণফোনসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “অনার ম্যাজিক ভি৫ তৈরি করা হয়েছে তাদের কথা মাথায় রেখে, যারা একইসাথে চান হাতে থাকা ফোনটি চমৎকারভাবে ব্যক্তিত্বের সাথে মানিয়ে যাবে এবং পারফরমেন্সও হবে শক্তিশালী। ক্রিজ-ফ্রি ফোল্ডিং প্রযুক্তি ও উন্নত সিলিকন-কার্বন ব্যাটারির সংমিশ্রণে বাংলাদেশের ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা।”
তিনি আরও জানান, এই স্মার্টফোন অনার-এর ভবিষ্যতমুখী প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিচ্ছবি, যা মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা নতুনভাবে সংজ্ঞায়িত করবে।