দুই যুগেও সংস্কার হয়নি থানচির ঝুঁকিপূর্ণ কালভার্ট

বান্দরবানের থানচি উপজেলার বংয়ক হেডম্যান পাড়ার সংযোগ সড়কে দুই যুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা একটি পুরোনো কালভার্ট এখন গ্রামবাসীর কাছে যেন মরণফাঁদে পরিণত হয়েছে। 

রেলিংবিহীন এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ, শিক্ষার্থী, কৃষক, রোগী ও গর্ভবতী নারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, প্রায় ৯ বছর আগে এই কালভার্ট থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারা যান এবং আরেকজন পঙ্গুত্ব বরণ করেন। এরপর থেকে গবাদিপশু ও মানুষের ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। রাতে অন্ধকারে চলাফেরা আরও ভয়াবহ হয়ে ওঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন রাস্তায় থাকা এই কালভার্ট দিয়ে বংয়ক হেডম্যান পাড়া, ওয়াক পাড়া ও চাক্কু পাড়ার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিনেও এটি সংস্কার বা নতুনভাবে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা রেংচিং ম্রো বলেন, আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে এই কালভার্ট দিয়ে চলি। কখন যে কার কী হয় তা বলা যায় না।

এ বিষয়ে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো জানান, ইউপি ফান্ডে অর্থের সীমাবদ্ধতা থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।