কিশোরগঞ্জের কুলিয়ারচরে উসমানপুর ইউনিয়নের নাজিরদিঘী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেলায়েত হোসেনের পৈত্রিক ৩২৪ একর জমি একটি রাজনৈতিক দলের কিশোরগঞ্জ জেলার স্থানীয় প্রভাবশালী নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধার স্ত্রী হালিমা খাতুন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন হালিমা খাতুনের ছেলে মোশারফ হোসেন।
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন বলেন, নাজিরদিঘী গ্রামে তাদের পৈত্রিক ৩২৪ একর ৮৪ শতাংশ জমি রয়েছে। তার পিতার মৃত্যুর পর তাদের ওয়ারিশানগন সেই জমি ভোগ দখল করছিলেন। বিগত শেখ হাসিনার সরকারের সময় মাঠ জরিপ শুরু হলে করনিক ভুলে ১ নম্বর খতিয়ান সরকারের নামে রেকর্ড করেন। তখন তারা বাদী হয়ে কিশোরগঞ্জে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে ওই জমির মালিকানা তাদের পক্ষে দেয় আদালত। আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ উল্লেখিত ভূমির মালিকানার খাজনা বাবদ ৬ লাখ ৭০ হাজার ৮৮৮ টাকা সরকারের কাছে জমা দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে শেখ হাসিনার সরকারের অনুগতরা ওই জমি অবৈধভাবে দখল করে আসছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ওইসব সম্পদ হালিমা খাতুনদের দখলে আসে। কিন্তু কয়েকদিন পর কুলিয়ারচরের এক নেতা তার পার্টি অফিসে তাদের ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর তারা তাদের সম্পত্তিতে যেতে নিষেধ করেন। তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এঘটনার প্রতিকার চেয়ে গত বছরের ১০ অক্টোবর ওই রাজনৈতিক দলটির প্রধান ব্যক্তির কাছে লিখিত অভিযোগ করা হয়। এখনও আমরা এ বিষয়ে কোনো প্রতিকার পাইনি।