রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিলে আবারও রদবদল এসেছে। এটি এ নিয়ে তৃতীয়বারের মতো তফসিল পুনর্বিন্যাস করা হলো।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম নতুন তফসিল ঘোষণা করেন।
নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল অনুযায়ী, ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১-৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর বাছাই, ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। এরপর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট।
উল্লেখ্য, একদিন আগেই (২৬ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ভোট পেছানোর আভাস দিয়েছিলেন। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর।