ইস্টার্ন ইউনিভার্সিটিতে রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ইস্টার্ন ইউনিভার্সিটি (EU) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Eastern University Research Society (EURS)। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি EURS-এর লোগো উন্মোচন করেন এবং বলেন, গবেষণার শক্ত ভিত্তি ছাড়া উচ্চশিক্ষা পূর্ণতা পায় না। EURS হবে একাডেমিক উৎকর্ষের নতুন দিগন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। তারা শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি নৈতিকতা ও সমাজ সচেতনতা বজায় রেখে জ্ঞানচর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে “How to Write a Conference Paper” শীর্ষক একটি বিশেষ সেশন উপস্থাপন করেন আইন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল হক। এতে গবেষণাপত্র লেখার পদ্ধতি, কাঠামো ও আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন EURS-এর প্রধান সমন্বয়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. আবু বিন ইহসান। তিনি বলেন, এই সোসাইটির লক্ষ্য শুধু গবেষণা নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একাডেমিক অনুশীলনকে এগিয়ে নিয়ে যাওয়া।

নতুন এই উদ্যোগের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি গবেষণা ও উদ্ভাবনের এক নতুন দিগন্তে পা রাখলো। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং বৈশ্বিক একাডেমিক পরিমণ্ডলে অবদান রাখার পথকে আরও সুগম করবে EURS।