গফরগাঁওয়ে রেললাইন আটকে বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে ঢাকা-ময়মনসিংহে রেললাইন আড়াই ঘণ্টা অবরোধ করে রাখার পর অবরোধ ছেড়েছে শিক্ষার্থীরা। অবরোধের সময় ঢাকার সঙ্গে ময়ময়সিংহ ও এই লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের বেশ কয়েকটি হাইস্কুলের শিক্ষার্থী গফরগাঁও পৌর শহরে উপস্থিত হয়ে পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের শিশু সাদাবের নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা এক পর্যায়ে গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে উপস্থিত হয়ে রেলপথ অবরোধ করে। পরে তিন ঘণ্টা অবরোধ করে রাখার পর ৪টার দিকে অবরোধ ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।

দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও ষ্টেশনে পৌঁছলে বিক্ষোভকারী ট্রেনটি আটকে দেয়। প্রায় আড়াইঘন্টা ট্রেনটি আটকে রাখার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনবাহিনী, থানা পুলিশ ও জিআরপি পুলিশের কর্মকর্তাদের অনুরোধে বেলা ৩টা ১৩ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। পরে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে আউলিয়া নগর স্টেশনে ঢাকাগামী বলাকা ট্রেন ও মশাখালী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা তাড়াকান্দাগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এ সময় এ লাইনের কয়েক হাজার ট্রেনযাত্রী দুর্ভোগে পড়েন।

শিক্ষার্থীরা জানায়, শিশু সাকিব নিহতের ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতি আছে, এর প্রতিবাদে তারা ট্রেন আটকে বিক্ষোভ করেছে। তারা সাদাব হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শিশু সাদাবের নানা সুলতান মিয়া বলেন, মামলার পর আমরা সন্দেহভাজনদের নাম পুলিশকে দিয়েছি। কিন্তু পুলিশ তদন্তের নামে এলাকায় এসে সন্দেহভাজনদের সাথে কানাকানি করে চলে যায়। এতে সন্দেহভাজনরা এখন আমাদেরকেও হত্যার হুমকি দিচ্ছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, শিশু সাদাব হত্যার ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গফরগাঁও স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, প্রথমে আমরা অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের অনুরোধ করি। উর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় সেনা ক্যাম্পে বিষয়টি জানাই। পরে সবাই এসে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে। প্রায় আড়াই ঘন্টা ট্রেন অবরোধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, গত ১১ জুলাই শুক্রবার দুপুরে পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড়  গ্রামে সৌদি প্রবাসী আল আমিনের সাড়ে চার বছর বয়সি ছেলে  সাদাব খেলতে গিয়ে নিখোঁজ হয়। এর পাঁচদিন পর ১৫ জুলাই মঙ্গলবার সকালে বাড়ি থেকে ১৫০ গজ দুরে একটি পরিত্যক্ত পুকুরের কচুরীপানার নীচ থেকে শিশু সাদাবের তিন খন্ডিত লাশ উদ্ধার করা হয়। পাগলা থানায় এ ঘটনা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। লাশের ময়নাতদন্ত করা হয় হয় । মামলাটি পিবিআই তদন্ত করছে। সাদাব স্থানীয় ফোকাস কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী।