সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ সময় তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামে আরও দুজনকে মারধর করে আহত করা হয়।
বুধবার (২৭ আগস্ট) রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত বিমল রাজবংশীর সঙ্গে প্রতিবেশী নারায়ণ রাজবংশীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নারায়ণ রাজবংশী ও তার সহযোগীরা মিলে বিমলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিমলকে বাঁচাতে এগিয়ে আসা শিল্পী রানী ও সুশান্ত রাজবংশীকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিমলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।