গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর দুর্বৃত্তদের ৪ দফা হামলা

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। হামলায় পুলিশ সদস্য তিনজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় ঘটে। আহতরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

মো. সুমন মিয়া বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। জেলা পুলিশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

আহত এএসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাঁকে আটক করা হয়। এরপর আসামিকে গাড়িতে তুলে রওনা দেওয়ার সময় বরমী এলাকায় প্রথমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

এরপর সাতখামাইর ও সিসিডিবি এলাকা দিয়ে টেংরা ডিবার পার পর্যন্ত হামলা চালিয়ে আসামিকে শেষ পর্যন্ত শ্রীপুর টেংরা রাস্তা মোড়ে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশকে মারধর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সুমন মিয়াকে আটক করে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েক দফা হামলার পর তাকে ছিনিয়ে নেওয়া হয়।