ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ ও বন্দি মুক্তি না দেয়, তবে গাজা উপত্যকা ধাপে ধাপে দখল করা উচিত। এটি মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ বলেন, হামাস যদি আত্মসমর্পণ না করে, তবে ইসরায়েলকে চার সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করতে হবে। তার ভাষায়, প্রথমে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হবে, এরপর উত্তর ও মধ্য গাজায় অবরোধ আরোপ করে সেগুলোও দখল করা হবে। তিনি দাবি করেন, এই প্রক্রিয়া তিন থেকে চার মাসের মধ্যেই শেষ করা সম্ভব এবং বছরের শেষ নাগাদ গাজায় বিজয় নিশ্চিত করা যাবে।
স্মোট্রিচের এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আরও গভীরে প্রবেশ করছে। তাদের মূল লক্ষ্য শহরটি দখল করা এবং প্রায় দশ লক্ষ বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। গাজায় ইসরায়েলের তীব্র হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি সতর্ক করেছেন যে, এ ধরনের অভিযান 'ব্যাপক মৃত্যু ও ধ্বংস' ডেকে আনবে।
এদিকে, ইসরায়েল খাদ্য, পানি ও মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গুতেরেস বৃহস্পতিবার বলেন, 'দুর্ভিক্ষ আর আসন্ন কোনো আশঙ্কা নয়, এটি এখন বর্তমান বাস্তবতা।'
ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে হামাসকে অস্ত্র ত্যাগের জন্য চাপ দিয়ে আসছে। তাদের দাবি, গাজার ভবিষ্যৎ প্রশাসনে এ সংগঠনের কোনো ভূমিকা থাকতে পারবে না। তবে স্মোট্রিচের বক্তব্যকে হামাস তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছে, এটি আসলে 'ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার আনুষ্ঠানিক আহ্বান' এবং 'নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে ক্ষুধা ও অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের স্বীকারোক্তি।'
হামাস আরও জানায়, 'স্মোট্রিচের মন্তব্য কোনো বিচ্ছিন্ন উগ্র মত নয়; এটি প্রায় ২৩ মাস ধরে গাজায় চালানো ইসরায়েলি নীতিরই বহিঃপ্রকাশ। এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে গাজায় যা ঘটছে তা কেবল সামরিক যুদ্ধ নয়, বরং গণহত্যা ও ব্যাপক বাস্তুচ্যুতির পরিকল্পনা।' সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে স্মোট্রিচ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তার এই পরিকল্পনা অবিলম্বে গ্রহণের আহ্বান জানান। যদিও নেতানিয়াহু সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের লক্ষ্য পুরো গাজা দখল এবং সমগ্র উপত্যকায় পুনরায় সেনা মোতায়েন। এদিকে ইসরায়েলি সেনারা সম্প্রতি ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যেতে বাধ্য করতে জোরপূর্বক উচ্ছেদের নোটিশও দিচ্ছে।
স্মোট্রিচ নিজে দখলকৃত পশ্চিম তীরের এক অবৈধ বসতিতে বাস করেন এবং বসতি স্থাপন আন্দোলনের বড় সমর্থক। তিনি ২০০৫ সালে ভেঙে দেওয়া গাজার অবৈধ বসতিগুলো পুনঃপ্রতিষ্ঠার পক্ষেও মত দেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের এই উগ্র ডানপন্থী নেতা ও তার সহযোগীরা স্পষ্ট জানিয়েছেন, গাজার যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি হলে তারা তাতে সমর্থন দেবেন না এবং প্রয়োজনে সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছেন।