ময়মনসিংহে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে জারিয়ার দিকে যাচ্ছিল বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবশেষ ২ ঘণ্টা পর রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া।

রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশ করে বলাকা কমিউটার ট্রেনটি। স্টেশন প্রবেশের পর হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ট্রেনের চালকসহ রেলকর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। তবে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা পর রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন ব্লক হয়ে গেলেও দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

এসআই গোলাম কিবরিয়া বলেন, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।