মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে আটক

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জন জেলে আটক ও ১৯টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে।

তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক আজ শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার-৩ এলাকার আওতাধীন মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমার-বাংলাদেশ জলসীমানার শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২২ জন (২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা) জেলেকে আটক করা হয়। জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশি ফিশিং বোট সমূহের মিয়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। ফলশ্রুতিতে, আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে। আটক জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।