নূরের ওপর হামলার প্রতিবাদ

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছেন  গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল শহরের জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। তারপর সেখান থেকে একটি মিছিল নিয়ে বেলা সাড়ে ১২টা থেকে টাঙ্গাইল শহর বাইপাসের নগরজালফৈ গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দলের নেতাকর্মীরা। পরে বেলা সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতের প্রবেশ করে চেয়ার ভাঙচুর ও অন্যন্য জিনিস ভাঙচুরও করেন। 

বক্তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ভিপি নূরের অন্যতম অবদান রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ভিপি নূর কখনও পিছপা হয়নি। শুক্রবার রাতে ভিপি নূরসহ আন্দোলনকারীরা যৌক্তিক দাবিতে ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তার নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত সদস্যদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন আন্দোলনকারীরা।