গাইবান্ধায় সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা কার্যালয়ের সাইনবোর্ড ও শাটার ভেঙে ফেলেন।

শনিবার শনিবার (৩০ আগস্ট) বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ভাঙচুর চালানো হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানা মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে আবারও মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের কাঠপট্টি এলাকায় জড়ো হন। এতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। পরবর্তীতে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করে তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যেতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় কার্যালয়ের সাইনবোর্ড ও শাটার ভেঙে ফেলা হয়। পরে মিছিল নিয়ে সেখান থেকে সরে যান বিক্ষোভকারীরা।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন বলেন, হঠাৎ পার্টি অফিসে হামলা চালানো হলো। গেটের তালা ও শাটার ভাঙচুর করা হয়েছে। এ হামলার নিন্দা জানাচ্ছি। পুলিশ ও প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার বলেন, উত্তেজিত হয়ে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন। তবে এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।