বগুড়ায় নিজ বাড়িতে মিললো নারীর হাত-পা বাঁধা মরদেহ

বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বাসা থেকে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হা-পা বাঁধা ছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রাম তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে এ দিনের যেকোনো সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে নারীর পরিবার দাবি করেছে, মাদকাসক্তরা এ হত্যকাণ্ডে জড়িত।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের শাহিনুর বেগমকে আরও কয়েক বছর আগে তার স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। শাহীনুরের এক ছেলে ও এক মেয়ে। ছেলে আল আমিন সৌদি আরবে চাকরি করেন। মেয়ের বিয়ে হয়েছে, তিনি ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। সোমবার দিনভর তাকে দেখতে না পেয়ে রাত ৮টার দিকে বোন শিউলী বেগম বাড়িতে আসেন। তিনি দেখেন বাড়ির বাইরের দরজায় ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মেঝেতে কাপড় দিয়ে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের বোন শিউলী বেগম বলেন, আশপাশের মাদকাসক্তরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, ওই নারীকে কখন হাত-পা বেঁধে ও মুখে গামছা গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা রাত ৮টার দিকে তার বসতঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।