ডাকসু নির্বাচন

ভোটারদের নিরুৎসাহিতের প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা এজিএস প্রার্থীর

ভোটারদের নিরুৎসাহিত করার প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

জাহেদ আহমদ বলেন, সম্প্রতি কয়েকটি ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ভোটারদের নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা এসব বিষয়ে সচেতন। রাজনীতি বানচালের যে পায়তারা- সে বিষয়ে শিক্ষার্থীরা আগে থেকে অনেক বেশি সচেতন এবং সবকিছুই বুঝেন।

জাহেদ আরও বলেন, আমরা মনে করি সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং আগামী ডাকসু নির্বাচন ৯ তারিখের মধ্যেই হবে। ডাকসু থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন বলে আমরা মনে করি। এছাড়া ভোটারদের নিরুৎসাহিত করার যেসব প্রচেষ্টা চলছে তা আমরা রুখে দিব।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন চট্টগ্রামের ছেলে জাহেদ আহমদ। তার বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে। জাহেদ সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী (সূর্য সেন হল)। নির্বাচনে তার ব্যালট নম্বর ৭।