কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাত্র ৪০ টাকা ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ফরহাদ হোসেন (১৯) নামে এক রাজমিস্ত্রীকে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই সহকর্মী মাহফুজ আলমের (১৫) বিরুদ্ধে।
সোমবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফরহাদ লক্ষণপুর গ্রামের মিজান মিয়ার ছেলে। অভিযুক্ত মাহফুজ সাইকচাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় মাহফুজকে বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার নিহত ফরহাদের বাবা মো. মিজান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। সোমবার লক্ষণপুর ইউনিয়নের সফুরা গ্রামে কাজ শেষে তারা আরও দুই সহকর্মীসহ একটি অটোরিকশায় করে লক্ষণপুর বাজারে আসেন। গাড়ি থেকে নেমে মাহফুজ ভাড়া না দিয়েই চলে যান। পরে ফরহাদ তাকে ভাড়া না দেওয়ার কারণ জানতে চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরহাদের হাতে থাকা রড জাতীয় একটি ধারালো বস্তু তিনি মাহফুজের বুকে ঢুকিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। তৎক্ষণাৎ মাহফুজ ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা গুরুতর আহত ফরহাদকে উদ্ধার করে একটি স্থানীয় ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ফরহাদের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন ময়না তদন্তের জন্য মরদেহ কুমিলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. মিজান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মাহফুজ আলমসহ তিনজনকে গ্রেফতার করার কথা জানান তিনি।