বান্দরবানের রুমায় কার্পেটিং সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে মুননোয়াম পাড়া পর্যন্ত কার্পেটিং সড়কটি নির্মাণের দুই বছরের মাথায়ই বেহাল অবস্থায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যান চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন অন্তত ১০ হাজারের বেশি পাহাড়ি-বাঙালি বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, রুমা উপজেলার দ্বিতীয় প্রধান এই সড়ক দিয়ে প্রায় ৩০টিরও বেশি গ্রামের মানুষ রুমা বাজারসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন। রাস্তার দুই পাশে রয়েছে ফলের বাগান ও কৃষিজ খামার। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে ৭ কিলোমিটার পথ হেঁটে আসতে হচ্ছে।

বেথেল পাড়া, মিনঝিড়ি পাড়া, ক্যলুংক্ষং পাড়া, চাইরাগ্র পাড়া, সালেম পাড়া, জ্ঞানলাল পাড়া, এদেন পাড়া, রামদু পাড়া ও নিয়াংক্ষং পাড়াসহ অসংখ্য গ্রামবাসী এই সড়কের ওপর নির্ভরশীল। ব্যবসায়ীরা সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। রোগী পরিবহনেও ভোগান্তি বাড়ছে।সড়কের করুণ অবস্থার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে ইমন হাসান কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্মাণের দুই বছরের মাথায়ই সড়কটির বেহাল দশা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে।

এলজিইডির উপসহকারী প্রকৌশলী বিদ্যুচরণ ধর বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। ইতোমধ্যে সড়ক সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদা পাঠানো হয়েছে। নির্দেশনা পেলেই সংস্কার কাজ শুরু হবে।

এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সড়কের নাজুক অবস্থার স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।