আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ৫ দশমিক ২ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এর দুইদিন আগে, গত রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে ১ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে মৃতের সংখ্যা অন্তত ১ হাজার ৪১১। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি মানুষ এবং ধসে গেছে অন্তত ৫ হাজার ৪০০ ঘরবাড়ি।
জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করে বলেছেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজে বড় বাধার কারণে মৃতের সংখ্যা ‘গুণোত্তর হারে বাড়তে পারে’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।