দুর্ঘটনাকবলিত বাস রেখে পালালো চালক, জানালা দিয়ে লাফিয়ে সুপারভাইজার নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডারে) উঠে পড়েছে একটি বাস। এসময় আতঙ্কে জানালা দিয়ে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সুপারভাইজার হাশেম আলীর (৬০) নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ওই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর)  বিকেলে হাটিকুমরুল গোলচত্বরে এ ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি লোকাল বাস হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে পড়ে। এ সময় সুপারভাইজার আতঙ্কে জানালা দিয়ে লাফ দেন। লাফ দেওয়ার সময় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসে থাকা যাত্রী এসময় আতঙ্কিত হয়ে পড়ে। তবে দুর্ঘটনায় যাত্রীদের কেউ গুরুতর আঘাত পাননি। এ ঘটনার পর চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যান। বাসে থাকা অল্প কয়েকজন যাত্রীর তেমন কোনো ক্ষতি হয়নি। সুপারভাইজার হাশেম আলী আতঙ্কিত হয়ে লাফ দিতে গিয়ে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।