‘শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে না পারলে দেশের উন্নয়ন হোঁচট খাবে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, গুণগত শিক্ষা ও উন্নত প্রশক্ষিণের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে না পারলে দেশ উন্নয়নের মহাসড়কে হোঁচট খাবে।

 

শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট-১ আসনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

 

পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারা বিশ্ব হবে কর্মক্ষেত্র। আমাদের খুব গুরুত্বপূর্ণ জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখা দিবে। গুণগত শিক্ষার বিষয়ে কোন আপস করা যাবে না। এ জন্য সেই শিক্ষক নিয়োগ দিতে হবে যারা সত্যিকারের শিক্ষা প্রদান করতে পারবে।’

 

ড. মোমেন বলেন, ছাত্র-ছাত্রীদের জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতে হবে। দেশের ৪৯ শতাংশ জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের মধ্যে এবং ৭৪ ভাগ মানুষ কর্মক্ষম। এই বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে।

আরো পড়ুন : বন্যা, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে মিডিয়া সেল চালু

তিনি বলেন, সরকারি টাকার যাতে অপচয় না হয় তা দেখার দায়িত্ব সবার। তিনি সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক বক্তৃতা করেন।বাসস

 

ইত্তেফাক/ইউবি