রাজধানীর বিজয় সরণি ক্রসিংয়ে ট্রাকের ধাক্কায় মো. রাকিব (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বাবার নাম মো. মান্নান।
রাকিবের বোন মারিয়া আক্তার জানান, ভোরে তেজগাঁও শিল্পাঞ্চলে কর্মস্থলের উদ্দেশে রাকিব বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। বিজয় সরণি ক্রসিং এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সকাল সাড়ে ছয়টার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় রাকিবকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজ মর্গে রাখা হয়েছে।