চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সরফভাটা সিপাহী পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের হস্তান্তর করা হয় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায়।

গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদ পারভেজ (৩৫) ও আশরাফ আলী সিকদার (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যা মামলার আসামি পারভেজ। সম্প্রতি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ফজলুল করিমকে নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে আহত করে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা হয়। গোপন সংবাদের সরফভাটা সিপাহী পাড়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সহযোগী আশরাফ আলী সিকদারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।