সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জনে গণসচেতনতায় নেমেছে গাইবান্ধার তরুণরা

সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ও পলিথিনের অপব্যবহার রোধে গাইবান্ধায় সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এসকেএস ফাউন্ডেশন ও বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি গাইবান্ধা পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরপার্কে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর প্রভাবে কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, নদী-খাল ভরাট হয়ে যাচ্ছে এবং জলজ প্রাণী ও অন্যান্য প্রাণীকুল বিলুপ্তির মুখে পড়ছে। এছাড়া মাইক্রোপ্লাস্টিক মাটি, পানি ও খাদ্যচক্রে মিশে মানুষের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠছে।

তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিনের বিকল্প হিসেবে আমাদের হাতে আছে পাট ও কাপড়ের ব্যাগ, মাটির তৈরি পাত্র, ধাতব ও কাঠের তৈরি সামগ্রী। এসব ব্যবহার বাড়াতে পারলেই দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সমাবেশে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিং সমন্বয়কারী আশরাফুল আলম, সংস্কৃতি রাইটস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলিটেটর তানভীর রায়, বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, নির্বাহী সদস্য জেরিন আকতারসহ এসকেএস ও বিওয়াইও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।