আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে ফোন করেছিলেন সালমান এফ রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হওয়ার কারণ জানতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফোন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পুনঃজবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য প্রকাশ করেন। জবানবন্দিতে তিনি জানান, ফোনালাপের পর তিনি রংপুর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি করছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে আসামি ছিলেন। এই মামলায় তিনি ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আজ ট্রাইব্যুনালে তার জেরা অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও কিছু তথ্য দিতে চান, যা ছাড়া পূর্ণ সত্য উদঘাটন সম্ভব নয়। বিকেলে তার পুনঃজবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল।