সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

‘শেষের সুর, নতুন গান’ স্লোগানে সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে একদিকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়, অন্যদিকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. মাবুদ।

এতে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি। অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে।

শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তার দিকনির্দেশনামূলক আলোচনায় শিক্ষার্থীরা ভবিষ্যৎ পথচলায় সাহস ও প্রেরণা লাভ করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান শামীম সরকার। তিনি বাংলা বিভাগের কার্যক্রম, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিভাগকে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা তুলে ধরেন।