কক্সবাজারের পর্যটন জোন কলাতলী থেকে ইয়াবা, অস্ত্র ও এনজিওকর্মী এক নারীসহ উখিয়ার এক জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের গ্রিন প্যালেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪শ’ ইয়াবা, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে।
গ্রেফতার জয়নাল আবেদীন (৪০) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য। গ্রেফতার নারী জিন্নাতুন নেছা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত একটি এনজিওর কর্মী। তার বাড়ি বগুড়ায় বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: ছেলেধরা সন্দেহে ভারতে তিন কংগ্রেস নেতাকে গণপিটুনি
কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, মেম্বার জয়নাল আবেদীন মাদক ও অস্ত্রসহ হোটেলে অবস্থান করছে এমন সংবাদে থানার উপপরিদর্শক (এসআই) সনৎ বড়ুয়া অভিযান চালায়। এসময় এনজিওকর্মী জিন্নাতুন নেছাসহ তাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পৃথক ২শ’ করে ৪শ’ ইয়াবা, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় বন্দুক জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার জয়নাল মেম্বারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে এবং জিন্নাতুন নেছার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উখিয়া থানায় জয়নালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ