সিলেট বিমানবন্দর সড়কে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

সিলেট নগরীর বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাক্কাতুরা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ফরহাদ, তিনি নগরীর শাহপরান এলাকার বাসিন্দা। আহত চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৩৯৬২) বিমানবন্দরমুখী ছিল। অন্যদিকে, দুটি মোটরসাইকেল (সিলেট মেট্রো-ল ১২-৩৩০৭ ও ১২-৩৫৫৬) ও একটি সিএনজি অটোরিকশা আম্বরখানার দিকে যাচ্ছিল। লাক্কাতুরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজির মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফরহাদ ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি আটক করা হলেও, দুই চালকই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।