ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা সীমান্তে অর্ধকোটি টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আমিরুল ইসলাম (৫৫)। পিতা: মো. আকামদ্দিন, গ্রাম: বাঘাডাঙ্গা, ডাকঘর: নেপা, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
৫৮ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার ৬০/১০৫-আর হতে ১.৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, খোসালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের স-মিল সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
তল্লাশি করে তার কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩৪৯.৮০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।