সুন্দরবন ও খুলনায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৬

সুন্দরবন ও খুলনার বিভিন্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বন্দুক, তাজা ও ফাঁকা কার্তুজ, ইয়াবা ও গাঁজা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা

তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল বলে জানানো হয়েছে।

এছাড়া, রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭,৫৮০ টাকাসহ একজন মাদক কারবারিকে আটক করে।

অন্যদিকে, ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল খুলনার লবণচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে।

সব অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।