বান্দরবানে জেলা পুলিশ লাইনের ভবন থেকে লাফ দেওয়ার পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা এক পুলিশ সদস্য মারা গেছেন। তার নাম রাশেদুল ইসলাম (২৮)।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনের ব্যারাকের দ্বিতীয় তলা থেকে লাফ দেয়ার পর আহত রাশেদুলকে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সন্তান এবং জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাশেদুল মানসিকভাবে অসুস্থ ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ‘কনস্টেবল রাশেদুলকে গত মে মাসে গাজীপুর থেকে বান্দরবানে বদলি করা হয়েছিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা চলছিল।’
পুলিশ জানায়, ভবন থেকে লাফ দেওয়ার সময় তার দুই পায়ের গোড়ালি থেঁতলে যায়। এরপর দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।