নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর মিলন হোসেন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিলন ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চাঁদ আলী মণ্ডলের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৭টার দিকে গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে বের হয় মিলন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে গ্রামের কৃষক রহিম, মাসুমসহ কয়েকজন শ্রমিক মাঠের পানের বরজে কাজ করতে গেলে পাশের হলুদের ক্ষেতে পচা দুর্গন্ধ পান। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে মিলনের বাবা চাঁদ আলী মণ্ডল ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পাওয়রে সাথে সাথে পুলিশ পাঠিয়ে ছিলাম, গত কয়েকদিন আগে থেকেই মিলন নিখোঁজ ছিল, থানায় জিডি করার পর আমরা খোজ রাখছিলাম, আজ মাঠে কিছু শ্রমিক ক্ষেতে কাজ করতে গিয়ে দুপুরে দুর্গন্ধ পেয়ে লাশটি শনাক্ত করে। আমরা মামলা নিয়েছি, বিষয়টি ক্ষতিয়ে দেখছি দোষিদের খুজে বের করার চেষ্টা চলছে।