‘নদী দখলকারী যত বড় প্রভাবশালী হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'নদী দখলকারী যত বড় প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।' শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে মেঘনা নদী দূষণ ও দখল রোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।    

তিনি বলেন, 'কাউকে নদী দখল করতে দেওয়া হবে না। আর সকল মিল-ফ্যাক্টরির মালিকদের আইন মেনে চলতে হবে। কোনো অবস্থাতেই তারা নদীতে বর্জ্য ফেলতে পারবে না। এ ব্যাপারে সরকার কঠিন অবস্থানে রয়েছে। নদী দখল রোধে আমাদের প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটি নদী দখল রোধে কাজ করছে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এ বিষয়ে ঢাকার দুইটি সিটি করপোরেশনকে নিয়ে আমরা সমন্বয়ে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু রোগ নিয়ে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুর চিকিৎসার জন্য সারা দেশের হাসপাতালগুলোতে কঠোরভাবে বলা হয়েছে এবং ডেঙ্গু রোধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।'

আরও পড়ুন:  বাসি খাবার ফেলে দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ

মতবিনিময় সভায় স্থানীয় সরকারের সচিব হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  নজরুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা বিভাগের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ। পরে মন্ত্রী মেঘনা নদী পরিদর্শন করেন।  

ইত্তেফাক/জেডএইচডি